



| বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 513 বার পঠিত

ফাইল ছবি
সকলের পরিচিত এবং বলিউডের প্রিয় গায়ক অরিজিৎ সিং। তার সাদামাটা জীবনযাপন সবসময়ই খবরের শিরোনাম থাকে। সোশ্যাল মিডিয়াতেও তার যাপন সাড়া ফেলেছে দীর্ঘদিন ধরে। কখনও তিনি স্কুটি চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন রাস্তাঘাটে, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আবার কখনও পায়ে হেঁটে তার স্ত্রীর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তবে এবার এই সঙ্গীত শিল্পী এবং তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের।
জানা গেছে, বেশ কয়েকদিন থেকে অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার শুটিং চলছে বীরভূমের বোলপুর শহরের বিভিন্ন জায়গায়। সেই সময় নিজের কাজের জন্য যাচ্ছিলেন বোলপুরের সুভাষপল্লীর বাসিন্দা কমলাকান্ত লাহা। তখনই তাকে বাধা দেন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা। এমনকী, তাকে তুলে সরিয়ে দেয় অরিজিৎয়ের দেহরক্ষীরা বলে অভিযোগ কমলাকান্ত লাহার।
এই বিষয়ে কমলাকান্ত লাহা ভারতীয় সাংবাদকিদের বলেন, “আমি প্রত্যেকদিন এর মতন নিজের কাজে যাচ্ছিলাম৷ ঠিক সেই সময় শান্তিনিকেতন থানার অন্তর্গত তালতোর এলাকায় শুটিং চলছিল অরিজিৎ সিংয়ের নতুন সিনেমার। রাস্তা আটকে চলছিল শুটিং, আমার খুব তাড়া ছিল৷ নিজের কাজে যাওয়ার জন্য একটু জায়গা চাইলাম, অরিজিৎ সিংয়ের দেহরক্ষীরা বলেন ৫ মিনিট অপেক্ষা করতে হবে৷ আমি দেহরক্ষীর কথা শুনে অপেক্ষা করতে থাকি, তবে পাঁচ মিনিটের জায়গায় সময়টা আরও বেড়ে যায়। ফের বলেছিলাম তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তখন তাঁরা বলেন অন্ততপক্ষে ৩০ মিনিট দাঁড়াতে হবে। আমার কাজের চাপ ছিল, আমি যেতে গেলেই অরিজিৎ সিং এর দেহরক্ষীরা এসে আমার হাত ধরে পুলিশের গাড়িতে চাপাতে যায়। আমাকে হেনস্থা করে। আর এই টানাটানির সময় আমার হাতের আংটি হারিয়ে যায়। এরপরই আমি শান্তিনিকেতন থানায় অভিযোগ জানাই।”
তবে এ ব্যাপারে অরিজিৎ সিংয়ের কোনো বক্তব্য পাননি ভারতীয় সাংবাদিকরা। তবে থানায় লিখিত অভিযোগের বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষ।

Posted ৩:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
manchitronews.com | Staff Reporter


