



| বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 181 বার পঠিত

সংগৃহীত ছবি
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন এস জয়শঙ্কর।
ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এস জয়শঙ্করকে বহনকারী ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান এদিন বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে মঙ্গলবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে প্রয়াত খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে এস জয়শঙ্কর বাংলাদেশ সফর করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফর খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর অংশ হিসেবে বিবেচিত হবে। এদিন দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা হবে। জানাজা ও দাফনের সময়সূচি সংক্রান্ত এক নির্দেশনায় প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, জানাজায় অংশগ্রহণকারীরা কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে আনতে পারবেন না।
নির্দেশনায় আরও বলা হয়েছে, দাফনের কার্যক্রম রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে। এ কারণে দাফনস্থলে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না। মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


