রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদল নেতার নেতৃত্বে ব্যাংকে হামলা, ম্যানেজার আহত

  |   শুক্রবার, ০১ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   500 বার পঠিত

যুবদল নেতার নেতৃত্বে ব্যাংকে হামলা, ম্যানেজার আহত

পাবনার চাটমোহরে ঋণখেলাপি যুবদল নেতার বিরুদ্ধে মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংক ভাঙচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফৈলজানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য। এদিকে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে গুরুতর আহত অবস্থায় আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংকের নিয়মকানুন মেনে আদালতে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে বেশকিছু লোকজনসহ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাঙচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অন্যান্য কর্মচারীদের মারধর করে আহত করা হয়।

এ সময় ব্যাংকের মধ্যে আতঙ্কগ্রস্ত হয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সদস্যরা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন যুগান্তরকে জানান, লোকমান হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণসংক্রান্ত বিষয় ম্যানেজার শামসুজ্জামান নয়নের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হামলা করে ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে। এছাড়া ভাঙচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইলে বারবার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লোকমান হোসেনের দলীয় পদবি নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন যুগান্তরকে জানান, বিষয়টি শুনেছি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছি। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষকে আইনি সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলমের মোবাইলে কল দিলে তিনি কেটে দেন।

Facebook Comments Box

Posted ৬:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ আগস্ট ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!