



| বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 233 বার পঠিত

যুক্তরাষ্ট্রের ব্ল্যাকবার্নের অ্যালটন স্ট্রিটের মসজিদ-ই-রেজা থেকে দানবাক্স চুরি হয়েছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এই চুরির ঘটনা ঘটে। মসজিদে স্থাপিত সিসিটিভির ফুটেজে দেখা গেছে, হুডি পরা এক ব্যক্তি চাকাওয়ালা ডাস্টবিনে করে সিন্দুকটি নিয়ে যাচ্ছে। ফুটেজে আরও দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তি মসজিদে প্রবেশের আগে ইসলামি রীতি মেনে সম্মানের সঙ্গে তার জুতা খুলে ফেলছে এবং নিরাপদে দানবাক্স নিয়ে বেরিয়ে যাচ্ছে।
চুরি যাওয়া সিন্দুকে মসজিদের উন্নয়ন কাজ পরিচালনার জন্য জনগণের দেওয়া দানের অর্থ ছিল, কিন্তু তার পরিমাণ জানা যায়নি। মসজিদের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য কৃর্তপক্ষকে মুসলমানদের এই অনুদানের ওপর নির্ভর করতে হয়। মসজিদ-ই-রেজা ইসলাম শিক্ষা কেন্দ্র হিসেবে নানা জনকল্যাণমুখী কাজও পরিচালনা করে থাকে।
ল্যাঙ্কাশায়ার পুলিশ নিশ্চিত করেছে যে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, তবে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে পুলিশ। কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তি সম্পর্কে তথ্য প্রদানের জন্য অনুরোধ জানিয়েছে।
উল্লেখ্য, ব্ল্যাকবার্নে বসবাসকারীদের বেশিরভাগ দক্ষিণ এশীয় তথা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের। মসজিদ পরিচালনায়ও তারা নেতৃত্ব দিয়ে থাকেন।

Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


