



| মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 628 বার পঠিত

২০২৪-এ জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে সে বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর আসন ফেলে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভানেত্রীর দেশ ছাড়ার খবরে দলটির মন্ত্রী-এমপি, নেতাকর্মীরাও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কেউ কেউ দেশের ভেতরেই আত্মগোপনে চলে যান। তাদের মধ্য থেকে মমতাজ, সালমান এফ রহমান, পলক, দীপুমণিসহ অনেকেই এখন কারাগারে।
কিন্তু ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে আর কোথাও দেখা যায়নি। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফেরদৌস কোথায় আছেন, কি অবস্থায় আছেন, সে খবর জানতেন না তার সহশিল্পীরাও। অবশেষে দীর্ঘদিন পর দেখা মিলল ফেরদৌসের!
তবে দেশে নয়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে দেখা দিলেন একটি ভিডিওতে। তাতে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতোমধ্যে সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে ফেরদৌস জানান, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে গেছেন। তার কথায়, ‘এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়, আমরা তিনজন প্রচুর কাজ করেছি। আমরা তিনজন শুধুমাত্র একটা সিনেমায় (ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’) একসঙ্গে কাজ করেছি।’ এ সময় ঋতুপর্ণা বলেন, ‘আমার তিনজন অনেকবার ট্রাই করেছি একসঙ্গে আসার জন্য। তবে হয়ে উঠেনি।’
ভিডিওটিতে এই তিন তারকাকে বেশ খোশ মেজাজে দেখা গেছে। তাদের ভাষ্যমতে, নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে তাদের। তবে ভিডিওটি কবের তা নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। সাম্প্রতিক সময়ে মৌসুমী নিউ ইয়র্কে অবস্থান করছেন। তাই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের বলেই ধারণা করছেন অনেকে।

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


