বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবার কবর জিয়ারত শেষে কাঁদলেন তারেক রহমান

  |   শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   109 বার পঠিত

বাবার কবর জিয়ারত শেষে কাঁদলেন তারেক রহমান

সংগৃহীত ছবি

দীর্ঘ ১৯ বছর পর বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হতে দেখা গেছে তাকে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে আসেন তারেক রহমান।

এ সময় প্রথমে দলের সিনিয়র নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়। দলীয়ভাবে শ্রদ্ধা ও মোনাজাত শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারেক রহমান। এরপর একান্তে বাবার জন্য দোয়া-মোনাজাত করেন তিনি। মোনাজাত শেষে আবেগাপ্লুত তারেক রহমানকে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে দেখা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ নির্বাসিত জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর দিনগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও ছিলেন। বিমানটি বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে যাত্রা করে বেলা ১১টা ৪০ মিনিটে বিমানটি শাহজালাল বিমানবন্দরে অবতরন করে। এর মাধ্যমে দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান।

ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে উপস্থিত নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা।

Facebook Comments Box

Posted ৩:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

manchitronews.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
এ এইচ রাসেল
Contact

5095 Buford Hwy. Atlatna Ga 30340

17709121772

deshtravels7@gmail.com

error: Content is protected !!