



| শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 284 বার পঠিত

উন্নত চিকিৎসা ও পরিবারের ইচ্ছায় মাথায় গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল থেকে বের করা হয়। এ সময় তার সমর্থকেরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, “পরিবারের সম্মতিতেই তাকে এভারকেয়ারে নেওয়া হচ্ছে। পরিবার প্রথমে সিএমএইচ হাসপাতালে নেওয়ার কথা বলেছিল, পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ারে নেওয়ার কথা বলেছে। আমরা তাদের সিদ্ধান্ত অনুযায়ী এভারকেয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা প্রস্তুত রয়েছে। এখনই তাকে সেখানে নেওয়ার ব্যবস্থা করছি।”
তিনি তার শারীরিক অবস্থার বিষয়ে বলেন, “তার মাথায় বুলেটের আঘাত আছে। বুকে ও পায়েও আঘাত আছে। ধারণা করা হচ্ছে পায়ের আঘাতটা রিকশা থেকে পড়ে গিয়ে হতে পারে। আমরা ঢাকা মেডিকেলে প্রাথমিক অস্ত্রোপচার করেছি। এখন তাকে এভারকেয়ার হাসপাতালে পাঠাচ্ছি।”
ওসমান হাদিকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজের পর মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশায় যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে গুলি চালায়। গুলিটি তার বাম কানের নিচে লাগে। গুলি করার পর তারা পালিয়ে যায়। এরপর তাকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।
শরীফ ওসমান বিন হাদী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১০–১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রেখে তিনি পরিচিতি পান। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তার নেতৃত্বে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’, যার লক্ষ্য “সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ।”

Posted ৩:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
manchitronews.com | Staff Reporter


